ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে মালাসিয়া বলেছেন, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলতে পারায় তিনি অত্যন্ত কৃতজ্ঞ।

২০২২ সালের গ্রীষ্মে ফেয়েনুর্দ থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন মালাসিয়া। চোটের কারণে সব মিলিয়ে মাত্র ৫০ ম্যাচ খেলতে পেরেছেন তিনি। বর্তমানে তিনি ফ্রি এজেন্ট।
ইউনাইটেডে নিজের সময় নিয়ে মালাসিয়া বলেন, “এটা সত্যিই দুর্দান্ত ছিল। ম্যানচেস্টার ইউনাইটেডে ভালো এবং তুলনামূলক কম ভালো—দুই ধরনের অভিজ্ঞতাই হয়েছে। তবে এমন একটি বড় ক্লাবের হয়ে খেলতে পেরে আমি অবশ্যই কৃতজ্ঞ।”
“ম্যানচেস্টার ইউনাইটেডে আমার অধ্যায় শেষ হয়েছে। ভবিষ্যৎ নিয়ে আমি রোমাঞ্চিত। আমি খেলা চালিয়ে যেতে এবং ফুটবল উপভোগ করতে চাই।”
“আমি অনেকটাই অনুভূতির ওপর চলি; সবকিছু ঠিক মনে হওয়া জরুরি। আত্মবিশ্বাস ফিরে পেলে আবার শুরু করা যায়। আমি আসলে সেটাই দেখাতে চাই—বাইরের কাউকে নয়, নিজেকে। আমার শুধু নিজের কাছেই নিজেকে প্রমাণ করতে হবে। প্রতিদিন সকালে আয়নায় তাকিয়ে নিজেকে বলতে চাই, গতকালের চেয়ে আজ আমি আরও ভালো।”
নেদারল্যান্ডস দলে ফেরার ইচ্ছার কথাও জানিয়েছেন মালাসিয়া। তিনি বলেন, “আমি অবশ্যই জাতীয় দলে সুযোগ পেতে চাই। প্রথম লক্ষ্য ক্লাবের হয়ে ভালো করা। এরপর ইউরো ও বিশ্বকাপ আছে। কী ঘটবে, তা কখনোই বলা যায় না, তবে আমি অবশ্যই ওই প্রতিযোগিতাগুলোতে খেলতে চাই।”